সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কাঁচা ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০

কাঁচা ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০

সুনামগঞ্জের দোয়ারাবাজারে কাঁচা ধান কাটাকে কেন্দ্র করে চলা সংঘর্ষে বিল্লাল মিয়া (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষের  অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) বিকালে উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন ওই গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিল্লাল হোসেন এবং প্রতিপক্ষ মছরব আলী উভয়েই একই গ্রামের বাসিন্দা।  শুক্রবার বিকালে কাঁচা ধান কাটাকে কেন্দ্র করে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা গোষ্ঠীগত সংঘর্ষে রূপ নেয়।

এ সময় দুইপক্ষের তুমুল সংঘর্ষে গুরুতর আহত হন বিল্লাল হোসেন।  আহত অবস্থায় তাকে দ্রুত সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত দেড়টার দিকে তিনি মারা যান। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি।

শেয়ার করুন