রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুরে ট্রেনে রেলব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার কালিকাপুর রেলব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী (জিআরপি) থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরের দিকে পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী শাটল (লোকাল) ট্রেনটি কালুখালীর কালিকাপুর রেলব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা অজ্ঞাত যুবকটি রেলব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মারা যান।
এ সময় ছাদের উপর থাকা নিহত যুবকের শরীর থেকে ট্রেনের মধ্যে অবস্থান করা এক যাত্রীর শরীরে রক্ত পড়ে। তখন ওই যাত্রী তাৎক্ষণিক রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে ট্রেনটি দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে কালুখালী রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় ট্রেনের ছাদ থেকে ওই নিহত যুবকের লাশটি নামানো হয়।
এ বিষয়ে রাজবাড়ী জিআরপি থানার সাব-ইন্সপেক্টর মো. লিটন যুগান্তরকে বলেন, ট্রেনে এক যুবকের নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ কালুখালী রেলওয়ে স্টেশনে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





