ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উলটে দুজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সুয়াদি এলাকার সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে নড়াইলগামী একটি বাস পেট্রল পাম্পে প্রবেশ করছিল। একই সময়ে বিপরীত দিক থেকে পিকআপ গাড়ি চলে এলে থামাতে গিয়ে বাসটি উলটে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত ৩০ জনকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- বাসের সুপারভাইজার শরিফুল ইসলাম ও তাৎক্ষণিকভাবে অন্যজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন গুরুতর আহত হয়েছেন। গাড়িটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।




