ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে ৩০ মিনিট ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে ভাঙ্গা উপজেলার আউড়ামাঠ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সার্বিক পরিবহণের একটি বাস ও ভাঙ্গাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ গিয়ে উদ্ধার কাজ চালায় এবং যানচলাচল স্বাভাবিক করেন।
এ ব্যাপারে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আউড়ামাঠ এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি খাদে পড়ে যায়। এতে বাসের ৩০-৩৫ যাত্রী আহত হয়েছেন। আমরা আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করি। স্থানীয় লোকের পাশাপাশি পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করেন। তবে ৫-৬ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।





