চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে খাজুরিয়া বাজারে ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী চিংড়ি মাছ প্রতীকের এমএ হান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ নেতাকর্মী আহত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলায় পৃথকস্থানে এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর গুপ্টি ইউনিয়নের ষোলধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খাজুরিয়া বাজার ও রুপসা বাজার এলাকায় বিএনপির প্রার্থী মো: হারুনুর রশিদ ও স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নানের সমর্থকদের মধ্যে চার দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে হোগলী এলাকায় স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে ধানের শীষের সমর্থকেরা মিছিল নিয়ে উত্তেজনা পরিস্থিতি তৈরি করে বলে দাবি করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা।
রাতে স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নান দাবি করেন, তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয়। তিনি নিজে সহ সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, যুবদল আহ্বায়ক জহিরুল ইসলাম পাটওয়ারী, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, জসিম পাটওয়ারী, বিএনপি নেতা ইউসূফ, শ্রমিক দলের সভাপতি আলী হোসেন ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
রুপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইমাম বাবুর দাবি, গুপ্টি পশ্চিম ইউনিয়নের ঘটনাকে কেন্দ্র করে রুপসা বাজারে এসে ধানের শীষের কর্মীদের ওপর চিংড়ি প্রতীকের সমর্থকরা এলোপাতাড়ি হামলা চালায়।
এসময় ফারুক (৩৫) অহিদুল্লাহ (৪০) শাহাদাত হোসেন (২০) আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি মোতায়েন করা হয়েছে।





