মুন্সীগঞ্জের গজারিয়য়া মেঘনা নদী থেকে অজ্ঞাতা এক নারীর (৩০) লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে গাজরিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রাম সংলগ্ন আব্দুল মোনায়েম অটো ব্রিকস এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মেঘনা নদীর তীরে ভাসমান অবস্থায় থাকা ওই নারীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে লাশের শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি।
এ বিষয়ে গজারিয়া থানা পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।




