কুমিল্লার মুরাদনগরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিল্লাল হোসেন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রয়ারি) দুপুরে উপজেলার ধামঘর ইউনিয়নের ভাগলপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বিল্লাল হোসেন ধামঘর ইউনিয়নের রায়তলা গ্রামের মতিন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক বলে জানা যায়। তবে তার পরিবার এই মৃত্যুকে আত্মহত্যা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ভাগলপুর গ্রামের একটি ইটভাটার পাশের পুকুরপাড়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিল্লাল হোসেনের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের স্ত্রী বলেন, রাতে আমার স্বামী বাড়ি থেকে বের হয়। সারারাত বাড়িতে না ফেরায় ভোরে ভাসুরকে নিয়ে খোঁজ করতে বের হই। কোথাও না পেয়ে বাড়িতে ফিরে আসি। কিছুক্ষণ পর জানতে পারি আমার স্বামী মারা গেছেন।
সন্তানদের বুকে জড়িয়ে ধরে তিনি আরও বলেন, আমরা গরিব মানুষ। আমি মানুষের বাড়িতে কাজ করি, আর আমার স্বামী গাড়ি চালিয়ে সংসার চালাত। এখন আমি আমার সন্তানদের নিয়ে কিভাবে বাঁচব?
তিনি দাবি করেন, আমার স্বামীর সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি যে তিনি নিজে জীবন শেষ করবে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে এখানে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মো. হাসান জামিল খান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।





