গাইবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রোকনুজ্জামান মিয়া (২০) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক রুবেল মিয়া। এর আগে সকালে গাইবান্ধা জেলা শহরের শুঙ্গশুঙ্গির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক হেলপার রোকনুজ্জামান মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার ঘিড়েরপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোকনুজ্জামান সকাল ১১ টার দিকে ট্রাকের নিচে শুয়ে ঘুমাচ্ছিলেন। ট্রাক চালক নিচে না দেখে গাড়িটি চালিয়ে যান। এতে ঘুমন্ত অবস্থায় তার মাথার উপর দিয়ে ট্রাকটি চলে যায়। এতে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান রোকনুজ্জামান।
ঘটনা বুঝতে পেরে পালিয়ে যায় চালক। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক রুবেল মিয়া বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





