বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোর জুনায়েদ আলী ঝুনঝুনের (১৫) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় নদী থেকে লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। কিশোর জুনায়েদ ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা ওয়াহিদ সাকিবের ছেলে।
বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামের আত্মীয় বাড়িতে পরিবারের সাথে বেড়াতে এসেছিলো সে।
বরিশাল সদর নৌ ফায়ার ষ্টেশনের ইনচার্য মো. সনাজ মিয়া বলেন, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে আসা অপর শিশু ইলহামকে সাথে সন্ধ্যা নদীর লাশঘাটা এলাকায় গোসল করতে আসে। নদীতে নামার পর স্রোতের টানে ভেসে যায় ঝুনঝুন। তবে রক্ষা পেয়েছে ইলহাম। সাতার না জানায় ডুবে নিখোঁজ ঝুনঝুনকে উদ্ধারে সকালে ডুবুরী নামানো হয়। ডুবে যাওয়া স্থান থেকে ৫০ ফুট দূর থেকে ঝুনঝুনের লাশ উদ্ধার করা হয়েছে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মুলাদীর নাজিরপুর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মো. আলমগীর বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





