বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের গেইটের সামনে ও শহরের চকসুত্রাপুরে হাড্ডিপট্টি এলাকায় রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ২৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার দিনব্যাপি রেল কর্তৃপক্ষ এস্কেভেটর দিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করে। অভিযানে রেলওয়ের মালিকানাধীন ২১ শতক জমি উদ্ধার করা হয়।
রেলওয়ে বগুড়া অফিসের কানুনগো গোলাম নবী জানান, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপি এই উচ্ছেদ চলে। রেলওয়ের লালমনিরহাট বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা মনজুর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে শহরের সরকারি আজিজুল হক কলেজ সংলগ্ন এলাকা এবং বগুড়া রেলওয়ে স্টেশনের পাশের মালগ্রাম ও সূত্রাপুর মৌজায় গড়ে ওঠা ২৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
তিনি আরও জানান, রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে রেলওয়ের বেদখল হওয়া জমি উদ্ধারে বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে বগুড়ায় এই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। উচ্ছেদকৃত স্থাপনাগুলোর মধ্যে বেশির ভাগই ছিল কাঁচা ও আধাপাকা দোকানপাট ও অবৈধ বসতবাড়ি।
রেলওয়ের লালমনিরহাট বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা মনজুর হোসেন জানান, দীর্ঘদিন ধরে রেলওয়ের এই জমিগুলো কিছু লোক অবৈধভাবে দখল করে রেখেছিল। মন্ত্রণালয়ের নির্দেশনায় অভিযান চালিয়ে ২১ শতক জমি দখলমুক্ত করা হয়েছে।
অভিযান চলাকালে রেলওয়ে পুলিশ ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।





