বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে কুপিয়ে হত্যা করা লাশের পরিচয় শনাক্ত

বরিশালে কুপিয়ে হত্যা করা লাশের পরিচয় শনাক্ত

বরিশালের হিজলা উপজেলায় নদীর তীরে ইঞ্জিনচালিত নৌকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত ব্যক্তি লক্ষ্মীপুর জেলার রায়াপুর উপজেলার চরগাছিয়া এলাকার স্বপন হাওলাদারের ছেলে আমির হোসেন (৩০)।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল।

এর আগে সোমবার ভোররাতে মেঘনার শাখা নদীর হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের আজিজ সিকদারের মাছঘাট সংলগ্ন এলাকা থেকে আমিরের লাশ উদ্ধার করা হয়। তাঁর গলা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়, যা থেকে ধারণা করা হচ্ছে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, নিহত আমিরের পরিবার ফোনে যোগাযোগ করে তাঁর পরিচয় নিশ্চিত করেছে। আমির মুন্সীগঞ্জের একটি হোটেলে চাকরি করতেন। কীভাবে তিনি হিজলায় এসেছিলেন, সে বিষয়ে পরিবার কিছু জানাতে পারেনি। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এলে বিস্তারিত তথ্য জানা যাবে।

তিনি আরও জানান, নিহত আমির হোসেনের মরদেহ বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন