ফিলিং স্টেশন থেকে শুক্রবার ভোরে তেল নিয়ে টাকা না দিয়ে এক স্টেশন কর্মীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় বিএনপির সাবেক এক নেতা। রিপন সাহা (৩০) নামের ওই কর্মী ঘটনাস্থলেই নিহত হন। রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় করিম ফিলিং স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর গাড়ির মালিক বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আবুল হাসেম সুজন ও চালক কামাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা যুবদলের সাবেক এই সভাপতির গাড়িটিও জব্দ করা হয়। রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের পবিত্র সাহার ছেলে। আর আবুল হাসেম সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামের মৃত জনাব আলী মিয়ার ছেলে। আবুল হাসেম ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে পুলিশের হাতে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন। তবে কয়েক মাস পর তিনি জামিনে বের হয়ে আসেন।
গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর করিম ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, শুক্রবার ভোরের দিকে একটি কালো রঙের ল্যান্ড ক্রুজার গাড়ি এসে পাম্প থেকে ৫ হাজার টাকার তেল নেয়। টাকা না দিয়ে তারা চলে যেতে থাকলে রিপন বাধা দিলে তাকে চাপা দিয়েই দ্রুত চালক পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভোররাত সাড়ে ৪টার দিকে কালো রঙের ল্যান্ড ক্রুজার জিপ গাড়ি (ঢাকা মেট্রো ঘ-১৩-৩৪৭৬) পাম্পে এসে তেল নেয়। গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন শ্রমিক রিপন সাহা ও গাড়িমালিক আবুল হাসেম। কিছুক্ষণ অবস্থানের পর আবুল হাসেম গাড়িতে উঠে বসেন। এরপর গাড়িটি টান দিলে সঙ্গে সঙ্গে রিপনও দৌড় দেন। এ সময় তাকে চাপা দিয়েই গাড়িটি চলে যায়। পাম্পের শ্রমিক জাকির হোসেন তাদের পেছনে দৌড় দেন। তিনি ঢাকা-খুলনা মহাসড়ক পর্যন্ত গিয়ে দেখেন, রিপনের মাথা ও মুখ থেঁতলানো লাশ মহাসড়কে পড়ে আছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাজবাড়ী সদর উপজেলার আহ্লাদীপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ফিলিং স্টেশনের কর্মী রিপনকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ বিকালের দিকে সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গাড়ি জব্দসহ মালিক আবুল হাসেমকে গ্রেফতার করেছে। এছাড়া পুলিশ গাড়িচালক কামাল হোসেনকেও (৪৩) সদর উপজেলার বানিবহ নিজপাড়া গ্রাম থেকে গ্রেফতার করে।





