সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে লবণ পরিবহনের আড়ালে মাদক পাচার, অর্ধকোটি টাকার গাঁজাসহ আটক ১

অপু দাস, স্টাফ রিপোর্টার (রাজশাহী)
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গিবাদ, সন্ত্রাস, অস্ত্র, মাদক, ভেজাল পণ্য ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে র‍্যাবের চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫, রাজশাহী নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল ৯ জানুয়ারি রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার এলাকার চৈতী মার্কেট সংলগ্ন নাটোর-রাজশাহী মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে।
তল্লাশিকালে নাটোর থেকে রাজশাহীগামী একটি কার্গো ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: যশোর-ট-১১-৪৭০৫) সন্দেহজনকভাবে চেকপোস্টে থামানো হয়। পরে ট্রাকটি তল্লাশি করে লবণ পরিবহনের আড়ালে বিশেষভাবে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ১২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকৃত গাজা, মোবাইল , নগদ টাকা
এসময় ট্রাক থেকে আরও ১৩ হাজার কেজি লবণ এবং নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
আটককৃত ট্রাক চালক সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মাঝেরপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মোঃ হাসানুর রহমান (৩৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিজের হেফাজতে রেখেছিল। জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রয় করে আসছিল।
র‍্যাব জানায়, মাদক পাচারে জড়িত একটি সংঘবদ্ধ চক্র এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে—এ বিষয়ে আরও অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে র‍্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
র‍্যাব-৫ কর্তৃপক্ষ জানায়, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে র‍্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন