রোববার কারওয়ান বাজার এলাকায় মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে আইন-শৃঙ্খলাবাহিনীর সংঘর্ষে রণক্ষেত্রের চিত্র দেখা দিয়েছে। এনইআর বাস্তবায়নের প্রতিবাদ ও কয়েক দফা দাবির বাস্তবায়নের জন্য সকাল থেকেই শুরু হওয়া আন্দোলন ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে।
দুপুরে সংঘটিত এই ঘটনায় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। একই সময় আন্দোলনকারীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
কারওয়ান বাজার মোড়ে কয়েক দফা দাবি নিয়ে জড়ো হওয়া ব্যবসায়ীরা সড়কে বসে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। পুলিশ তাদের সরানোর চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, সেনা ও র্যাব সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।
মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদে, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের মুক্তি এবং অন্যান্য দাবিতে পরিবারসহ অবস্থান কর্মসূচি ঘোষণা করে। একইসঙ্গে সংগঠনটি দেশের সব মোবাইল ফোনের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়।
ঘোষণার প্রেক্ষিতে সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন, যা বসুন্ধরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত যান চলাচল ব্যাহত করে। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ প্রথম দফায় লাঠিপেটা করে ব্যবসায়ীদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে ব্যবসায়ীরা পুনরায় জড়ো হলে সংঘর্ষ আবারও উস্কে ওঠে।





