রবিবার, ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে মায়ের বিরুদ্ধে নবজাতক হত্যার অভিযোগ, পরিবার পলাতক

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জন্মের পর এক নবজাতককে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা ও পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে নবজাতককে হত্যা করে মাটি চাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া ভুতের দিয়ার গ্রামে। নিহত নবজাতকের মা জান্নাতুল ফেরদৌস (২২), তিনি একই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে জান্নাতুল ফেরদৌসের সঙ্গে নন্দলালপুর গ্রামের করিম মণ্ডলের বিয়ে হয়। বিয়ের ছয় মাসের মধ্যেই পারিবারিক কলহের জেরে জান্নাতুল স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন। পরে করিম মণ্ডল দ্বিতীয় বিয়ে করেন। এদিকে জান্নাতুল ফেরদৌসের গর্ভে করিম মণ্ডলের সন্তান থাকলেও বিষয়টি পরিবারের পক্ষ থেকে গোপন রাখা হয়।
 মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বাবার বাড়িতে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। অভিযোগ রয়েছে, জন্মের পরপরই নবজাতকটিকে হত্যা করে বাড়ির বাথরুমে রাখা হয়।
বুধবার ভোরে নবজাতককে মাটি চাপা দেওয়ার উদ্দেশ্যে গর্ত খোঁড়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি প্রকাশ পায়। পরে খবর ছড়িয়ে পড়লে জান্নাতুল ফেরদৌসসহ তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।
স্থানীয়রা আরও জানান, এর আগে গত ২৭ অক্টোবর করিম মণ্ডলের মৃত্যুকে ঘিরেও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, তার দ্বিতীয় স্ত্রীর পরকীয়া প্রেমিকের পরামর্শে করিম মণ্ডলকে অতিরিক্ত গ্যাস্টিকের ট্যাবলেট খাইয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে তখনও এলাকায় নানা আলোচনা ও সন্দেহের সৃষ্টি হয়।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, নবজাতক হত্যার মতো নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে শাহজাদপুর থানা পুলিশ জানায়, ঘটনার খবর পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
শেয়ার করুন