নুরুল্লাহ (অভয়নগর) যশোর প্রতিনিধি :
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ভাঙাগেট এলাকায় রাস্তার পাশ থেকে সিরাজুল ইসলাম (৫৫) নামে এক মাছের ঘের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে লক্ষ্মীপুর ও আমডাঙ্গা গ্রামের মধ্যবর্তী সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিরাজুল ইসলাম যশোর সদর উপজেলার মাইদি গ্রামের মৃত মুনতাজ সরদারের ছেলে। তিনি পেশায় একজন মাছের ঘের ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নওয়াপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের লক্ষ্মীপুর মাছের ঘের সংলগ্ন রাস্তার ওপর এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, ওই স্থানে অবস্থানকালে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বা শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।





