মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় কৃষককে জবাই করে হত্যার অভিযোগ, লাশ উদ্ধার

জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি :
নেত্রকোনার সদর উপজেলায় নিজ বাড়ির শয়নকক্ষে মুখ ও পা বাঁধা অবস্থায় জবাই করা এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষকের নাম হেলাল উদ্দিন (৬০)। তিনি সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের নারিয়াপাড়া গ্রামের মৃত আশ্রাব আলীর ছেলে। পুলিশ জানায়, শনিবার রাতের খাবার শেষে হেলাল উদ্দিন নিজ শয়নকক্ষে নিজের বিছানায় ঘুমাতে যান। তার স্ত্রী বেদেনা আক্তার (৪৩) একই কক্ষে পর্দা টানিয়ে পাশের খাটে ঘুমিয়ে পড়েন।
রোববার ভোররাত আনুমানিক ৪টার দিকে ঘুম থেকে উঠে স্ত্রী বেদেনা আক্তার পাশের বিছানায় স্বামীকে মুখ ও পা বাঁধা এবং জবাই করা অবস্থায় দেখতে পান। এসময় তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাস্থলে উপস্থিত হন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। প্রাথমিক তদন্তে নিহতের স্ত্রীর বক্তব্যে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শেয়ার করুন