মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী-৩ আসনে বিএনপির প্রার্থী মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

অপু দাস, স্টাফ রিপোর্টার :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত এসব আসনের বিপরীতে বিভিন্ন রাজনৈতিক দলের মোট নয়জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এর মধ্যে বিএনপির চারজন দলীয় প্রার্থী, জামায়াতে ইসলামীর একজন এবং চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
এরই অংশ হিসেবে শনিবার রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়। সকাল সাড়ে এগারোটার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মাসুম।
এ সময় পবা ও মোহনপুর উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম উত্তোলন শেষে পিপি আলী আশরাফ মাসুম বলেন, নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত শান্ত ও স্বাভাবিক রয়েছে। একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে প্রার্থী, দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে উঠবে।
অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন জরুরি। তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
শেয়ার করুন