মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তাড়াশে সড়কে গাছ ফেলে ডাকাতি, আতঙ্কে পথচারীরা

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সড়কের ওপর গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালি নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ ডাকাত দল সড়কের ওপর গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। এরপর দেশীয় অস্ত্রের মুখে পথচারী ও যানবাহনের যাত্রীদের জিম্মি করে প্রায় ৩০ মিনিট ধরে ডাকাতি চালানো হয়। এ সময় অন্তত ১৫ থেকে ২০ জনের কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নেয় তারা।
একপর্যায়ে এক পথচারী গোপনে মোবাইল ফোনে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, ওই সড়কে রাতে নিয়মিত টহল বাড়ানো না হলে এমন ঘটনা আরও ঘটতে পারে। এ বিষয়ে তাড়াশ থানার পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
শেয়ার করুন