বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে আগুন

ছবি: সংগৃহীত

বান্দরবানে শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে গভীর রাতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। এই সময় তারা রাজারমাঠ এলাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাসভবনে অগ্নিসংযোগ চালায়। ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১টার দিকে।

স্থানীয়রা জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদি মৃত্যুবরণ করার খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ ছাত্র-জনতা বান্দরবান জেলা শহরে মিছিল বের করে। মিছিলটি বাজার এলাকা অতিক্রম করে মধ্যমপাড়া হয়ে রাজারমাঠে পৌঁছলে বাসভবনে আগুন ধরানো হয়।

বিক্ষুব্ধরা হাদির মৃত্যুর জন্য বীর বাহাদুর উশৈসিংকে দায়ী করে তার গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। এরপর তারা বান্দরবান বাজারের ট্রাফিক মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশও করে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইফতেখার উদ্দিন জানান, গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তাদের ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, “ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”

শেয়ার করুন