বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পাবনায় ছুরিকাঘাতে যুবক খুন

পাবনা শহরের দারুল আমান ট্রাস্ট এলাকায় ওয়াজ মাহফিলের সময় দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সুজন মোল্লা (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনায় জড়িত হিসেবে সোহান ইসলাম (২০) নামে এক ব্যক্তিকে আটক করেছে।

পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন জানান, বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। নিহত সুজন মোল্লা সাঁথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের সাইফুল মোল্লার ছেলে, আর আটক সোহান ইসলাম সদর উপজেলার মহেন্দ্রপুর গ্রামের শরিফ প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াজ মাহফিলকে ঘিরে দোকান বসানোর বিষয়ে সুজন ও সোহানের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি মারামারিতে রূপ নেয়। সোহান তার কাছে থাকা ছুরি দিয়ে সুজনকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত সুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি দুলাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং অভিযুক্ত সোহান ইসলামকে আটক করে। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন