বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরে জমি নিয়ে ভাই দুইয়ের সংঘর্ষ, গুরুতর আহত হয়ে হাসপাতালে

জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি :
যশোর সদর উপজেলার কচুয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের আঘাতে দুই ভাই-ই গুরুতর জখম হয়ে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের নিমতলী গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন— ওই গ্রামের মৃত আব্দুল হাকিমের দুই ছেলে আব্দুস সামাদ (৫৫) ও মিজান (৩৫)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুস সামাদ ও মিজানের মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার বিকেলে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই ভাই উত্তেজিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে তারা ঘর থেকে দা ও বটি নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন। এতে দুজনেরই শরীরের বিভিন্ন স্থানে গভীর কাটা জখম হয়।
চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন এবং দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
স্বজনদের বক্তব্য: আহত আব্দুস সামাদের ছেলে জানান, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে হঠাৎ করেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তাদের সুস্থতাই পরিবারের প্রধান লক্ষ্য।
এ ঘটনায় নিমতলী গ্রাম ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে দুই ভাইয়ের অবস্থাই সংকটাপন্ন। বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। ভুক্তভোগী পরিবার আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
শেয়ার করুন