বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জকিগঞ্জে পূর্ব শত্রুতার জেরে হামলা, বাবা-ছেলে গুরুতর আহত

আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের এলংজুরী গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক নির্মম হামলার ঘটনা ঘটেছে। এতে আব্দুল শুক্কুর ও তার ছেলে আবুল কাশেম গুরুতর আহত হয়েছেন।  ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নাজিম উদ্দীনের ছেলে সাব্বির আহমদ ও ভাই নাসির উদ্দীনকে আটক করেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ইলাবাজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল শুক্কুর ও তার ছেলে খড় আনতে ইলাবাজ এলাকায় গেলে প্রতিবেশী মৃত ফজল আলীর ছেলে নাজিম উদ্দীন তাদের গতিবিধি লক্ষ্য করতে থাকেন। এরপর তার বাড়ি থেকে ফোন করে ডেকে আনেন ভাই মারুফ আহমদ, নাসির উদ্দীন, ছেলে সাব্বির আহমদসহ আরও কয়েকজনকে।
একপর্যায়ে ৮–১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে শুক্কুর ও কাশেমের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার একপর্যায়ে তাদেরকে একটি কাদাযুক্ত গর্তে ফেলে রেখে চলে যায় হামলাকারীরা। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাকের নির্দেশে থানার মিডিয়া অফিসার এসআই মিরাজুল ইসলামসহ পুলিশ টিম স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং আহতদের খোঁজখবর নেন। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই অভিযুক্ত নাজিম উদ্দীনের ছেলে সাব্বির আহমদ ও তার ভাই নাসির উদ্দীনকে আটক করে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এলংজুরী গ্রামের একাধিক ব্যক্তি জানান, নাজিম উদ্দীনের পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন রকমের অপরাধে জড়িত। স্কুল, মসজিদ, রাস্তাঘাট এমনকি সাধারণ মানুষের জমি দখল করে জোরপূর্বক ভোগদখল করা তাদের একপ্রকার পেশায় পরিণত হয়েছে। সম্প্রতি এ পরিবারের বিরুদ্ধে একাধিক হামলার অভিযোগ এবং মামলা চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকা বর্তমানে শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন