জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি :
স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) রাতে পৌর শহরের সাহেদনগর বেপারীপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করার পর পুলিশ অভিযান চালিয়ে জুয়েল রানাকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত জুয়েল রানা সাহেদনগর বেপারীপাড়া মহল্লার মোয়াজ্জেম আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, গত ৯ ডিসেম্বর রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর বড় বোন সম্পা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে জুয়েল রানা তার ছোট বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীর পরিবার আইনের আশ্রয় নেন।
সদর থানার ওসি আরও জানান, জুয়েলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু হয়েছে। তদন্তের স্বার্থে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, পুরো ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





