বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে রাজশাহীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

অপু দাস, স্টাফ রিপোর্টার :
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে রাজশাহীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।
এ সময় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কর্মসূচিতে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং সর্বস্তরের মানুষ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এদিকে সকাল ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালির মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা অর্জনের পথে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব গড়ে তুলতে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাঁদের স্মরণেই এই দিনটি উৎসর্গ করা হয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত থেকে শুরু করে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি বাহিনী পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যাযজ্ঞে লিপ্ত হয়। বিশেষ করে বিজয়ের প্রাক্কালে এই হত্যাকাণ্ড ভয়াবহ রূপ নেয়, যেখানে তাদের সহযোগিতা করে দেশীয় দোসররা।
বক্তারা আরও বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ যেন নেতৃত্বশূন্য হয়ে পড়ে এই ছিল হানাদার বাহিনীর মূল উদ্দেশ্য। জাতির সেই অপূরণীয় ক্ষতি আজও পুরোপুরি পূরণ না হলেও বাংলাদেশ এগিয়ে চলেছে অদম্য গতিতে এটাই সকলের প্রত্যাশা।
শেয়ার করুন