বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে র‌্যাব কর্মকর্তার স্ত্রীর শ্বাসরোধে হত্যার ঘটনা

জামালপুরে লিপি আক্তার (৩৫) নামে এক র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। এসময় নিহতের ১১ বছরের মেয়ে নিথি আক্তারকেও ভয়ভীতি দেখানো হয়।

ঘটনাটি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজারের গৌরী শংকর (গণময়দান) মাঠ সংলগ্ন একটি ভাড়া বাসায় ঘটে।

সরিষাবাড়ী থানার ওসি মো. বাচ্ছু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত লিপি আক্তার ওই উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার মৃত কাদের মন্ডলের ছেলে মহর আলীর স্ত্রী।

র‌্যাব কর্মকর্তা মহর আলী বর্তমানে র‌্যাব-২ এর উপ-পরিদর্শক (এসআই) পদে ঢাকার মোহাম্মদপুর, বসিলা এলাকায় কর্মরত। কয়েক বছর ধরে তার স্ত্রী লিপি আক্তার শিমলা বাজার গৌরী শংকর (গণময়দান) মাঠ সংলগ্ন এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে লিপি খাতুন তার মেয়ে নিথি আক্তারকে নিয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে চোর গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। লিপি আক্তার চোরকে চেনার কারণে, চোর তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর স্বর্ণালঙ্কার লুট করে। পুলিশ সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ওসি বাচ্ছু মিয়া বলেন, “বৃহস্পতিবার সকালে লিপি আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

শেয়ার করুন