রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি নলকূপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার ২১ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুটির সন্ধান মেলেনি। নলকূপের সংলগ্ন স্থানে প্রায় ৩০ ফুট গভীর পর্যন্ত গর্ত খোঁড়ার কাজ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির কাছে পৌঁছানোর জন্য সুড়ঙ্গ তৈরির কাজ শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি তানোর উপজেলার একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। শুরুতে একটি স্কেভেটর থাকলেও পরে আরও দুটি যোগ করা হয়। এভাবে সারারাত কাজ চালিয়েছে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট।
বৃহস্পতিবার সকাল ৭টার সর্বশেষ তথ্যমতে, শিশুটিকে এখনো উদ্ধার করা যায়নি। সকাল থেকে ঘটনাস্থলে ভিড় করছে শত শত মানুষ, যারা পরিস্থিতি কঠিন করে তুলছে। তাদের সরাতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে।
এর আগে বুধবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত একাধিকবার ৩০ ফুট গভীর গর্তে ক্যামেরা নামিয়ে শিশুটির অবস্থান শনাক্ত করার চেষ্টা করা হয়। কিন্তু গর্তে মাটি ও খড় পড়ায় ক্যামেরায় কিছু দেখা সম্ভব হয়নি। দুপুরে শিশুটির কান্নার শব্দ শোনা গেলেও সন্ধ্যা, রাত এবং ভোর পর্যন্ত তাকে শনাক্ত করা যায়নি। তবুও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে নিরবচ্ছিন্নভাবে।
রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, “৩৫ ফুট পর্যন্ত অনুসন্ধান শেষে শিশুটিকে না পাওয়া গেলে আমরা বিকল্প পদ্ধতি গ্রহণ করব।”





