শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে ডিবির অভিযানে মোবাইল, পরিচয়পত্রসহ আটক ৩ ছিনতাইকারী 

অপু দাস ( রাজশাহী ):
রাজশাহী মহানগরীতে সক্রিয় এক ছিনতাই চক্রকে শনাক্ত করে তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাম্প্রতিক বিভিন্ন ছিনতাই ঘটনার সূত্র ধরে পরিচালিত এ অভিযানে গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. আকাশ হোসেন ওরফে আক্কা (৩০), বিপ্লব ওরফে রবাট বিপ্লব (২৮) এবং মো. শাকিল শেখ (২৮)। তিনজনই রাজপাড়া থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
চন্দ্রিমা থানায় দায়ের হওয়া একটি ছিনতাই মামলার তদন্ত চলাকালে ডিবি পুলিশ প্রথমে আকাশ ও বিপ্লবকে রাজপাড়া থানার আলীগঞ্জ লিচুবাগান এলাকা থেকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাকিলকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে উদ্ধার করা হয়—ছিনতাইকৃত মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের স্মার্ট কার্ড, চারটি এটিএম কার্ড, মানিব্যাগ, একটি বার্মিজ চাকু এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল।
মামলার অভিযোগ অনুযায়ী, ২৯ নভেম্বর ভোরে শিরোইল বাসস্ট্যান্ড থেকে অটোরিকশাযোগে ছোটবনগ্রাম পশ্চিমপাড়া যাচ্ছিলেন এক যাত্রী। পথে মোটরসাইকেলে থাকা তিনজন তার মোবাইল, টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। পরে উদ্ধার হওয়া সামগ্রী ভুক্তভোগী শনাক্ত করেন।
ডিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনাটি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও মাদকের একাধিক মামলা পূর্ব থেকেই চলমান।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার পরবর্তী তদন্তও অব্যাহত রয়েছে।
শেয়ার করুন