নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে একটি বাজারের অন্তত ১০টি প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে প্রতিটি দোকানের নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান পণ্য নষ্ট হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা হিসেবে ধারণা করা হচ্ছে।
সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে অন্তপুর চৌরাস্তা এলাকার টিভি সেন্টারের সামনের অংশে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—মা স্টোর, আল্লার দান স্টোর, বাবু ইলেকট্রনিকস, আরিয়ান হোটেল, আরমান মুদি দোকান, সুরক্ষা ফার্মেসি, শাকের হোটেল, সুবন মেট্রিক্স এবং তায়েফা ইলেকট্রনিকসসহ মোট ১০টি দোকান।
স্থানীয়দের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো রাতের বেলা দোকানদাররা তাদের দোকান বন্ধ করে বাসায় ফিরেছিলেন। এরপর রাত সাড়ে ১২টার দিকে জামাল মার্কেটের সুবন মেট্রিক্স দোকান থেকে আগুনের সূচনা হয় বলে ধারণা করা হচ্ছে। দ্রুত আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হতে পারেননি। পরে মাইজদী ফায়ার সার্ভিসের দুইটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
একলাশপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু বাহার বাবুল জানান, দোকান মালিকেরা ধারণা করছেন—কম্বল দোকানে জ্বালানো কয়েল বা অন্য কোনো উৎস থেকে আগুনের উৎপত্তি হতে পারে। তিনি বলেন, আগুনে পুরো বাজারের দশটি দোকান ধ্বংস হয়ে গেছে এবং অনেক ব্যবসায়ী সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং তাদের সহায়তার বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম জানান, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির সঠিক হিসাব ও অগ্নিকাণ্ডের উৎস তদন্তের পর নিশ্চিত করা হবে।





