(হবিগঞ্জ প্রতিনিধি):
হবিগঞ্জে ট্রাকচাপায় রূপজিত কর রাজু (৩৬) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনা ঘটেছে রোববার (৭ ডিসেম্বর) ভোর সাতটার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহুবল উপজেলার নতুনবাজার এলাকার বেন্দারপুলে। নিহত রূপজিত কর রাজু মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক এবং বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে তিনি চাকরিজীবী স্ত্রীকে কুলাউড়ার উদ্দেশ্যে মিরপুর বাজার থেকে বাসে তুলে দেন। এরপর দুইজনকে সঙ্গে নিয়ে মিরপুর–শ্রীমঙ্গল মহাসড়ক ধরে হাঁটতে যান। বেন্দারপুলে পৌঁছালে শ্রীমঙ্গলগামী একটি সবজি বোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
দুর্ঘটনায় রূপজিত কর রাজু ও ফুরঞ্জন দেব গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রূপজিত কর রাজুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফুরঞ্জন দেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রূপজিত কর রাজুর মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে। সানশাইন মডেল হাইস্কুলের সভাপতি এম. শামছুদ্দিন বার্ষিক পরীক্ষা স্থগিত করে একদিনের শোক ঘোষণা করেছেন।





