শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরে মধ্যরাতে যুবককে ছুরিকাঘাতে হত্যা, পকেট থেকে ইয়াবা উদ্ধার

মোঃ জুম্মান হোসেন (প্রতিনিধি):
যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকায় তানভীর (২২) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। শনিবার রাত সোয়া ১২টার দিকে ক্যাম্পের পেছনে এ ঘটনা ঘটে। নিহত তানভীর শংকরপুর হাজারিগেট এলাকার মিন্টুর ছেলে।
প্রত্যক্ষদর্শী ওই এলাকার মুদি ব্যবসায়ী মনিরুল ইসলাম রিপন জানান, গভীর রাতে ক্যাম্পের পেছন দিক থেকে দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তানভীর। পরে কয়েকজন নারী দ্রুত তাকে একটি রিকশায় তুলে হাসপাতালে পাঠান।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন গণমাধ্যমের সামনে বলেন, রাত সোয়া ১২টার দিকে তানভীরকে ছুরিকাঘাত করা হয়। পরে একজন রিকশাচালক তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে যায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানায়, হাসপাতালে গিয়ে তানভীরের পকেট তল্লাশি করে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাত ১২টা ৫৫ মিনিটের দিকে স্থানীয় লোকজন তাকে ক্যাম্পের পেছনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় শংকরপুর বেলের মাঠ এলাকায় যৌথবাহিনীর অভিযানে পাঁচটি বোমা ও একটি চাকুসহ নাঈম ও সাজু নামের দুই যুবককে আটক করা হয়। এ সময় তানভীর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আটক হওয়া দুই যুবকের প্রাথমিক বক্তব্যের ভিত্তিতে পুলিশ বলছে, উদ্ধার হওয়া বোমাগুলো তানভীরের বলে তাঁরা দাবি করেছেন।
পুলিশের ধারণা, পালিয়ে যাওয়ার পর তানভীর বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে অবস্থান নেন। সেখানে কোনো একটি সংঘবদ্ধ গোষ্ঠীর সঙ্গে বিরোধ বা অভ্যন্তরীণ কোন্দল থেকে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়ে থাকতে পারে।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।
শেয়ার করুন