ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গভীর রাতে একটি বাসের চাপায় মোটরসাইকেলচালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ ল–১১–৯২৫৭ নম্বরের একটি মোটরসাইকেল ভাঙ্গা থেকে ফরিদপুরমুখী লেনে চলার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী যানবাহন পেছন থেকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সুমন (২৫) ও ইমন (২২) নামের দুই আরোহীর মৃত্যু হয়। তারা দুজনই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। গুরুতর আহত অপর আরোহী মো. আশিক মোল্লা (২২)-কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আহতদের উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত অজ্ঞাত যানবাহনটি শনাক্তে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





