মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা ও কাজলী নদী থেকে এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে মেঘনা নদীর হোসেন্দী ইউনিয়নের ডুবারচর ও বাউশিয়া ইউনিয়নের কাজলী নদীর মধ্যবতী বাউশিয়া (দাসপাড়া) এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে লাশ দুটির নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে হোসেন্দী ইউনিয়নের ডুবারচর সংলগ্ন মেঘনা নদীতে স্থানীয়রা এক নারীর অর্ধগলিত লাশ ভাসতে দেখে। পরে দুপুর দেড়টার দিকে গজারিয়া নৌপুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ ধারণা করছে, এটি প্রায় ৪-৫ দিন আগে নদীতে ফেলা হয়েছিল। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।
এরই মধ্যে একই দিন দুপুর ১টার দিকে বাউশিয়া ইউনিয়নের মধ্যবতী বাউশিয়া (দাসপাড়া) এলাকায় এক পুরুষের লাশ দেখতে পান স্থানীয়রা। লাশটি দু’পা বাঁধা অবস্থায় ছিল। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহতের বয়সও প্রায় ৩৫ বছর অনুমান করা হচ্ছে।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক শরজিৎ কুমার ঘোষ বলেন, “দুপুরে হোসেন্দী ইউনিয়নের ডুবারচর থেকে আমরা এক নারীর লাশ উদ্ধার করেছি। বাউশিয়া ইউনিয়নের কাজলী নদীতে এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ দুটো মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”





