বুধবার, ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

টেকনাফে শীর্ষ সন্ত্রাসীর বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফে শীর্ষ সন্ত্রাসী মিজান ওরফে লম্বা মিজানের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশ নৌবাহিনী বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

শনিবার (৬ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামারি কোনাপাড়া এলাকায় মিজানের বাসায় অস্ত্র মজুতের খবর পাওয়া যায়। ৫ ডিসেম্বর রাতের অভিযানে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স ‘সোয়াডস’ ও নৌবাহিনী কন্টিনজেন্ট সেখানে উপস্থিত হয়ে তল্লাশি চালায়।

অভিযানকালে উদ্ধার করা হয়েছে—বিদেশি পিস্তল ১টি, দেশি পিস্তল ২টি, এক নলা বন্দুক ১টি, গ্রেনেড (৪০ মিমি HE MG-3) ৭টি, গ্রেনেড (৪০ মিমি HE MG-4) ৩টি, লাইভ অ্যামুনেশন ৪৩ রাউন্ড, পিস্তল ম্যাগজিন ১টি, পিস্তল বল ২ রাউন্ড, ফাঁকা কার্তুজ ২০ রাউন্ড এবং দেশি ধারালো অস্ত্র ৩টি। এসব উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর উল্লেখ করেছে, মাদক ও অস্ত্র কারবারসহ বিভিন্ন অপরাধ দমনে সরকারের নির্দেশনা বাস্তবায়নে নৌবাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন