ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও সামগ্রিক ব্যবস্থাপনা পরিদর্শনের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে এক চিকিৎসকের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। বাকবিতণ্ডার একপর্যায়ে ওই চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর।
শনিবার (৬ ডিসেম্বর) হাসপাতালে পরিদর্শনে গেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও ওই চিকিৎসকের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। ভিডিওতে উভয় পক্ষকেই উত্তেজিত স্বরে কথা বলতে দেখা গেছে।
বাকবিতণ্ডায় জড়ানো ওই চিকিৎসকের নাম ডা. ধনদেব বর্মন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
সূত্র জানায়, শনিবার (৬ ডিসেম্বর) সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র–সংক্রান্ত রোগের চিকিৎসাবিষয়ক চলমান চিকিৎসা কার্যক্রমের সাম্প্রতিক অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সেমিনারে যোগ দেওয়ার আগে তিনি হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় সেবার মান, জরুরি বিভাগের পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন তিনি। তখন ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন তার বিভাগের সীমাবদ্ধতা, জনবল সংকট এবং অতিরিক্ত দায়িত্বের চাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এ এক পর্যায়ে মহাপরিচালক ও ওই চিকিৎসকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। পরে ঘটনার ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর ডা. ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেন।





