অপু দাস ( স্টাফ রিপোর্টার রাজশাহী ):
রাজশাহীর দৈনন্দিন নাগরিক সেবা নিশ্চিত করা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক অকার্যকারিতা দূরীকরণের লক্ষ্য নিয়ে ৩৮ দফা দাবির ভিত্তিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এনামুল হক।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পূর্ণাঙ্গ ৩৮ দফা দাবির মধ্যে চারটি মূল বিষয়কে এবার বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো—
বিদ্যুৎ বিভাগের দুর্নীতি, অস্বাভাবিক বিল, সংযোগে হয়রানি ও প্রিপেইড মিটারের সমস্যা সমাধান
নগরীর স্থায়ী যানজট নিরসন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত
সরকারি ও বেসরকারি হাসপাতালে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত
প্রাইভেট কোচিং বাণিজ্য ও সরকারি চাকরিতে নিয়োগ–অনিয়ম বন্ধ
বক্তারা অভিযোগ করেন, নেসকের অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রিপেইড মিটারের বিভ্রাটে সাধারণ মানুষের জীবনযাত্রা নষ্ট হয়ে পড়েছে। শিক্ষাক্ষেত্রে কোচিং নির্ভরতা ও অতিরিক্ত ফি–এর কারণে অভিভাবকের ওপর অর্থনৈতিক চাপ বাড়ছে। পাশাপাশি মহানগরীতে লাগাতার যানজট, অপর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলায় শিথিলতা শহরবাসীর নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে তুলছে।
তারা সতর্ক করে বলেন—অবিলম্বে প্রশাসন কার্যকর ব্যবস্থা না নিলে জনগণের বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে অংশ নেন সংগঠনের সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সমাপ্ত, ইঞ্জি. জালাল উদ্দীন, বোয়ালিয়া থানা সেক্রেটারি তোতা এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের সুধীজন।





