অপু দাস ( স্টাফ রিপোর্টার ):
চাঁপাইনবাবগঞ্জে সিএনজির ভেতরে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা ফেনসিডিলসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৫, সিপিসি-১। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) রাতে রেহাইচর আদর্শপাড়া স্টেডিয়াম সংলগ্ন কাঁচা রাস্তা থেকে তারিকুল ইসলাম (৩৪) নামে ওই সিএনজি চালককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রতিষ্ঠার শুরু থেকেই তারা মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরই অংশ হিসেবে সিপিসি-১-এর একটি টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। অভিযান চলাকালে গোপন সূত্রে জানা যায়, শিবগঞ্জ দিক থেকে একজন ব্যক্তি সিএনজিতে ফেনসিডিল নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিল।
খবর পাওয়ার পর মহানন্দা টোল প্লাজার কাছে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র্যাব। রাত ১০টা ৩০ মিনিটের দিকে একটি সিএনজি দেখতে পেয়ে থামার সংকেত দেওয়া হলে চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পরে রেহাইচর আদর্শপাড়া স্টেডিয়াম সংলগ্ন কাঁচা রাস্তায় ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয় র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত তারিকুল ইসলাম রাজশাহীর রাজপাড়া থানার আলীগঞ্জ উত্তরপাড়ার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।





