অপু দাস ( স্টাফ রিপোর্টার )
রাজশাহী নগরীর তালাইমারি মোড়ে স্থাপিত আরডিএ কমপ্লেক্সকে ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক গবেষণা ও চর্চার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নাগরিক সমাজ রাজশাহী-এর উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা জানান, জাতীয় ইতিহাস ও মুক্তিযুদ্ধ চর্চার উদ্দেশ্যে নির্মিত এই ভবনটি হঠাৎ করেই দীর্ঘমেয়াদে একটি স্কুলকে ভাড়া দেওয়া হয়েছে, যা ভবনের মূল লক্ষ্যকে ব্যাহত করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান চালুর বিরোধিতা নয়, বরং ভবনটি যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল—সেই ভাবনার সঠিক বাস্তবায়ন জরুরি। বক্তাদের মতে, ১৯৪৭ থেকে ২০২৪ পর্যন্ত দেশের রাজনৈতিক আন্দোলন, সাংস্কৃতিক বিকাশ ও ইতিহাস সংরক্ষণের জন্য এ ভবনকে উপযোগী কেন্দ্র হিসেবে গড়ে তোলা উচিত।
আয়োজকেরা দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে ভবনটি ইতিহাস ও সংস্কৃতি চর্চার কাজে ব্যবহার করার আহ্বান জানান। তারা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।





