শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি তিনটি ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড গুলি জব্দ করেছে।

শনিবার সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের নলডুবি ব্রিজ এলাকার পাগলা নদীর তীরে ৫৯ বিজিবি বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় চকপাড়া বিওপির এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৩/৪ এস থেকে ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা এগুলো দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা করছিল।

লে. কর্নেল গোলাম কিবরিয়া আরও জানান, গত তিন বছরে মহানন্দা ব্যাটালিয়ন ৩০টি দেশি-বিদেশি পিস্তল, ৩৯২ রাউন্ড গুলি এবং ৪১টি ম্যাগাজিন জব্দ করেছে।

শেয়ার করুন