এম এ মতিন (জেলা প্রতিনিধি):
নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নওগাঁ-৪ (মান্দা) আসনের এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিবের উদ্যোগে ৩০০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় প্রসাদপুর আলহেরা প্রি-ক্যাডেট ইসলামী একাডেমি মাঠে সরাসরি শিক্ষার্থী ও খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা জামায়াতের আমির ও এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুর রাকিব বলেন, “যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তাদের সুস্থ বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলা থেকে দূরে সরে যাওয়ায় অনেকে ঝুঁকে পড়ছে মাদকের দিকে। সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে হলে ক্রীড়া চর্চা বাড়াতে হবে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে সুযোগ পেলে যুব উন্নয়ন ও ক্রীড়া খাতে বিস্তৃত কর্মযজ্ঞ বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানের শেষ অংশে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে জানানো হয়, মান্দা উপজেলায় মোট ২০০ শিক্ষা প্রতিষ্ঠান ও ১০০টি ক্রীড়া ক্লাবের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
এছাড়াও উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি মো. রফিকুল ইসলাম ও ইলিয়াস খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাকিব, যুব বিভাগের সভাপতি মো. আব্দুল মালেক, অফিস সেক্রেটারি হাফেজ আয়নাল হক, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মান্দা ইউনিয়ন চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো. আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা।





