শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীর পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: গাজীপুর থেকে প্রধান আসামি আজিজুল গ্রেপ্তার

অপু দাস, স্টাফ রিপোর্টার :
রাজশাহীর পুঠিয়া উপজেলার দমদমা গ্রামে শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ এবং পরবর্তীতে একাধিকবার নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আজিজুল মোল্লা (৪৮)–কে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়।
তদন্তে জানা যায়, ২৫ বছর বয়সী ওই তরুণী তার দাদির সঙ্গে দমদমা গ্রামে থাকেন। ২২ অক্টোবর ২০২৫ দুপুরে দাদি বাড়িতে না থাকার সুযোগে চাচা সম্পর্কীয় আজিজুল ঘরে ঢুকে ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। শুধু একবারই নয়, পরবর্তী সময়গুলোতেও একই স্থানে গিয়ে সে তরুণীকে চাপ প্রয়োগ করে পুনরায় ধর্ষণ করে।
এক পর্যায়ে দাদি বিষয়টি জানতে পেরে ভিকটিমের পরিবারকে জানালে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে ভিকটিমের মা ২৮ অক্টোবর ২০২৫ তারিখে পুঠিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০২০)–এর ৯(১) ধারায় ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং- ২৫/২০২৫)।
মামলার পর র‍্যাব পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে ২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে র‍্যাব–৫, রাজশাহী ও র‍্যাব–১, উত্তরা যৌথ অভিযান চালিয়ে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার মোমেনশাহ রোডের টি আই সি গেট এলাকা থেকে আজিজুলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের ঘটনা স্বীকার করেন বলে র‍্যাব জানিয়েছে।
আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন