জলিলুর রহমান জনি ( সিরাজগঞ্জ প্রতিনিধি ) :
নির্বাচনে কালো টাকা, ধর্মের অপব্যবহার ও পেশীশক্তির দাপট বন্ধসহ মনোনয়ন জামানত ৫ হাজার টাকায় নির্ধারণের দাবিতে সিরাজগঞ্জে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ জেলা সিপিবি কার্যালয় থেকে বাম জোটের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন। এসময় বক্তব্য দেন বাসদ জেলা আহ্বায়ক ও জোটের সদস্য সচিব কমরেড নব কুমার কর্মকার, সিপিবি নেতা মোস্তফা নূরুল আমিন, শহিদুল্লাহ সবুজ, বাসদ নেতা তারিকুজ্জামান টরিক, আব্দুল আজিজসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হলে কালো টাকার প্রভাব, ধর্মের অপব্যবহার এবং পেশীশক্তির ছড়াছড়ি বন্ধ করা জরুরি। একই সঙ্গে সাধারণ নাগরিকের অংশগ্রহণ বাড়াতে মনোনয়ন জামানত ৫ থেকে ১০ হাজার টাকার মধ্যে নির্ধারণ করতে হবে।”
পরে বিক্ষোভ শেষে জেলা নির্বাচন অফিসারের নিকট দাবিনামা সম্বলিত স্মারকলিপি প্রদান করেন বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা।





