শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন এসপি সৈয়দ রফিকুল ইসলাম

( যশোর জেলা প্রতিনিধি ) :
যশোর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন জামালপুরের বর্তমান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। অন্যদিকে, যশোরের বর্তমান এসপি রওনক জাহানকে বদলি করে পাঠানো হয়েছে শরীয়তপুরে। বুধবার (২৬ নভেম্বর) দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের ব্যাপক রদবদল ও পদায়নের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পুলিশ-১ শাখার উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগেই সব জেলার পুলিশ সুপার বদলির প্রক্রিয়া হিসেবে লটারি পদ্ধতি চালু করা হয়। প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনায়’ আয়োজিত ওই লটারিতে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
লটারি শেষে তিনি জানান, দেশের ৬৪টি জেলার জন্য নতুন পুলিশ সুপার নির্ধারণ করা হয়েছে। তবে ডিএমপিতে নতুন নিয়োগ বা রদবদল বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এর আগে গত ৬ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, সংসদ নির্বাচনের আগে সারাদেশে এসপি ও সংশ্লিষ্ট ওসিদের লটারির ভিত্তিতে বদলির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকেই এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন শেষে ফল প্রকাশের পর আরও ১৫ দিন পর্যন্ত ভোট সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া স্থানান্তর করা যায় না। এই বিধান ডিআইজি পর্যন্ত সকল পুলিশ কর্মকর্তার ক্ষেত্রেও প্রযোজ্য।
ইতোমধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি।
শেয়ার করুন