শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মেট্রোরেল থেকে ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক

রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। প্রাথমিকভাবে পুলিশ তাদের নাম-পরিচয় জানায়নি। জানা গেছে, এর আগেও তারা দু’বার মেট্রোরেলে গাঁজা পরিবহন করেছেন।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে এমআরটি পুলিশ তাদের শেওড়াপাড়া স্টেশন থেকে আটক করে। সন্ধ্যায় এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড অপস্) মো. আবু আশরাফ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন কারণে প্রতিটি মেট্রো স্টেশনে চেকিং বাড়ানো হয়েছে। চেকিং চলাকালীন শেওড়াপাড়া স্টেশনে সন্দেহজনক নারী ও পুরুষের বড় ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা শেওড়াপাড়া স্টেশনে উঠেছিলেন এবং মতিঝিল স্টেশনে নেমে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছিলেন। এর আগেও তারা দু’বার মেট্রোরেলে গাঁজা বহন করেছেন।

এমআরটি পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জাহান বলেন, আটক দুজনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

তিনি আরও জানান, বড় ব্যাগ বা সন্দেহজনক কাউকে দেখলে নিয়মিত চেকিং চালানো হচ্ছে।

শেয়ার করুন