শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মান্দায় সরকারি সার পাচারের চেষ্টা ব্যর্থ সেনাবাহিনীর অভিযানে ৬০ বস্তা সার জব্দ

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নে সরকারি সার কালোবাজারে পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তিনটি ভ্যানগাড়িসহ টিএসপি, এমওপি ও জিপসাম মিলে ৬০ বস্তা সার জব্দ করে।
সেনাবাহিনী জানায়, এসব সার অবৈধভাবে পার্শ্ববর্তী রাজশাহীর তানোর উপজেলায় পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে গেলেও সারবোঝাই ভ্যানগাড়িগুলো আটক করা সম্ভব হয়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, স্থানীয় ডিলারদের কাছ থেকে সার সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।
অভিযান শেষে সেনাবাহিনী বিষয়টি উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগকে অবহিত করে। খবর পেয়ে উপজেলা কৃষি অফিসার মোছা. শায়লা শারমিন এবং উপজেলা ভূমি অফিসার নাবিল নওরোজ বৈশাখ ঘটনাস্থলে পৌঁছান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দ সার কৃষি বিভাগের হেফাজতে প্রদান করেন এবং পলাতক পাচারকারীদের শনাক্তে আইনগত প্রক্রিয়া শুরু করেন।
শেয়ার করুন