অপু দাস, স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে আবারও সাফল্য দেখিয়েছে র্যাব-৫। মাদকবিরোধী ধারাবাহিক তৎপরতার অংশ হিসেবে গোদাগাড়ী থানার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এক কেজি হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করেছে র্যাব। এসময় মো. সিয়াম (১৯) নামে এক যুবককে আটক করা হয়।
র্যাব জানায়, ২৩ নভেম্বর রাত ১১টা ১০ মিনিটে সিপিএসসি, র্যাব-৫ একটি নির্ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন দেশে পাচার করে এমন একটি চক্রের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়। চক্রটি নিজেদের বসতঘরে মাদক মজুদ করে বিভিন্ন স্থানে অভিনব কৌশলে সরবরাহ করত।
গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, র্যাবের আভিযানিক দল বহুদিন ধরে চক্রটির গতিবিধি নজরদারিতে রাখে। অবশেষে সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত হওয়ার পর মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সিয়াম জানায়, সে সীমান্ত এলাকার এক প্রত্যন্ত চর থেকে মাদক সংগ্রহ করে নিজের বাড়িতে মজুদ করত। গতকালও সে পদ্মার চর থেকে হেরোইন সংগ্রহ করে বাড়ির চালের উপর লুকিয়ে রাখে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে পলিথিনে মোড়ানো অবস্থায় মাদকটি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, সিয়াম দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সদস্য হিসেবে কাজ করছে। চক্রটি এলাকায় নানা পেশার পরিচয় ব্যবহার করে সীমান্ত থেকে নিয়মিত হেরোইন পাচার করে। এর আগেও তাকে গ্রেপ্তার করার চেষ্টা করা হলেও সে পালিয়ে যেতে সক্ষম হয়।
আটক সিয়ামের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।





