অপু দাস, স্টাফ রিপোর্টার :
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মাদকচক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাব–৫, সদর কোম্পানি। শনিবার (২২ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে পরিচালিত এ অভিযানে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোবাইল ফোন ও নগদ অর্থসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। একই ঘটনায় একজন নারী অভিযুক্ত এখনো পলাতক রয়েছেন।
র্যাব জানায়, দাশপুকুর এলাকায় সম্প্রতি মাদক লেনদেন বৃদ্ধির তথ্য তাদের কাছে পৌঁছালে আগে থেকেই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরবর্তীতে রাতের অভিযানে সন্দেহভাজনদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইসমাইল হোসেন সবুজ (২৯), দাশপুকুর পূর্বপাড়া, মো. অন্ত (৩০), আইডি কোয়ার্টার, লক্ষিপুর, মো. শাহজাহান (৩০), আইডি লক্ষিপুর বাগানপাড়া, মো. আরাফাত (১৯), খোলাবোনা, দামকুড়া, মো. ফিরোজ ইসলাম (২৬), পূর্ব মোল্লাপাড়া, পবা, মো. লিটন (৩০), মূল ঠিকানা মান্দা, নওগাঁ; বর্তমান ঠিকানা তেরখাদিয়া পশ্চিমপাড়া পলাতক: মোছা. পিংকি বেগম।
জব্দকৃত আলামত গাঁজা: ১ কেজি ৯৯০ গ্রাম, ইয়াবা: ১১ পিস, ট্যাপেন্টাডল ট্যাবলেট: ৫ পিস, মোবাইল ফোন: ৩টি (সঙ্গে সিম ৩টি), নগদ অর্থ: ১৫,৯৪০ টাকা। র্যাবের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল। একই সঙ্গে তারা নিজেরাও নিয়মিত মাদক সেবন করত।
এ ঘটনায় রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।





