রবিউল হক, স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় রাতের আঁধারে সশস্ত্র হামলায় শারপিন মোল্লা (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যার কিছুক্ষণ পর ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কুরবান আলীর বাড়ির সামনে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত শারপিন মোল্লা ফোর্ডনগর মোল্লাপাড়ার বাসিন্দা এবং মৃত সাইজ উদ্দিন মোল্লার ছেলে।
পরিবারের সদস্য হাফিজুর রহমান মোল্লা জানান, সন্ধ্যার পর চায়ের দোকান থেকে বাড়ির পথে হাঁটছিলেন শারপিন মোল্লা। পথেই হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে তৎক্ষণাৎ পরিবারের লোকজনকে খবর দেয়।
স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হত্যাকাণ্ডে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে—তা খতিয়ে দেখতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।





