জেলা প্রতিনিধি ( নেত্রকোণা ) :
শীতের শুরুতে হাওরাঞ্চলের মুক্ত জলাশয়ে ভিড় জমাতে শুরু করেছে নানা প্রজাতির অতিথি পাখি। প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ এসব পাখি নিরাপদ আশ্রয় খুঁজতে আসে নেত্রকোনার বিস্তীর্ণ হাওর এলাকায়। কিন্তু প্রতিবছরের মতো এবারও কিছু অসাধু ব্যক্তি অতিথি পাখি শিকারে সক্রিয় হয়ে উঠেছে।
সম্প্রতি মদন উপজেলার বিভিন্ন বাজারে খোলামেলাভাবে অতিথি পাখি বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান। আজ বৃহস্পতিবার সকালে অভিযানে আমজাদ মিয়া (২৪) নামে এক যুবককে আটক করা হয়।
তার কাছ থেকে ১৫টি ধূসর রঙের টি-টি ওয়াডা পাখি জব্দ করে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হয়। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভবিষ্যতে আর কখনো পাখি শিকার করবে না—এ মর্মে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযুক্ত আমজাদ মিয়া মদন উপজেলার চানগাও ইউনিয়নের মৈধাম গ্রামের বাসিন্দা এবং মৃত এখলাছ উদ্দিনের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, “অতিথি পাখি শিকারের সংবাদ পেয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হয়েছে। হাওরের পরিবেশগত ভারসাম্য রক্ষায় পাখি শিকার বন্ধ করা জরুরি। এ অভিযান চলমান থাকবে। পাখি রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন।”





