জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের কামারখন্দে চলন্ত ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের কোবাদ শেখ মোড় এলাকায় খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে এ নিক্ষেপের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে জামতৈল রেলওয়ে স্টেশনমাস্টার আবু হান্নান জানান,“গতকাল রাত ১০টা ৪৫ মিনিটে চিত্রা এক্সপ্রেসের ইঞ্জিনে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে কেউ আহত হয়নি। ট্রেনের সামান্য ক্ষতি হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।”
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে পুলিশের ওসি দুলাল উদ্দিন বলেন, “একটি ন্যাকড়ায় আগুন দিয়ে পেট্রলের ছোট বোতলটি ছোড়া হয়েছিল। সেটি ইঞ্জিনের পাশের ফাঁকা স্থানে পড়ে। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”
এই ঘটনায় মামলা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “ক্ষয়ক্ষতি না থাকায় মামলা নেওয়ার সম্ভাবনা নেই। এটি রেলওয়ে আইন নাকি অন্য কোনো আইনে পড়বে এ মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”
ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও এ ধরনের হামলায় রেলপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যাত্রীরা। রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনা তদন্ত করছে বলে জানা গেছে।





